শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামসহ চারজনকে জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার (২৪ জুন) ঢাকার প্রথম শ্রম আদালতে শুনানি শেষে এই আদেশ প্রদান করা হয়। এর আগে পাওনা পরিশোধ না করার অভিযোগে দায়ের করা মামলায় সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ আজ ভোরে বনানী এলাকা থেকে সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পুলিশ সূত্রে জানা যায়, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও বনানীর ওই বাসায় প্রবেশ করতে বাধার মুখে পড়তে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। বাড়ির নিরাপত্তাকর্মীরা প্রধান ফটক না খোলায় পুলিশকে দীর্ঘ সময় বাইরে অবস্থান করতে হয়। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়।
আফতাব অটোমোবাইলসের সাবেক এক কর্মকর্তার ২৩ লাখ টাকা পাওনা আত্মসাতের অভিযোগে ঢাকার প্রথম শ্রম আদালতে এই মামলাটি দায়ের করা হয়। আদালতের নথিপত্র অনুযায়ী, পাওনা পরিশোধে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয় এবং সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
উক্ত মামলায় সাজেদুল ইসলাম ছাড়াও নাভানা গ্রুপের চেয়ারম্যান সফিউল ইসলামসহ প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের ছয়জন কর্মকর্তা এবং প্রতিষ্ঠান হিসেবে আফতাব অটোমোবাইলসকে বিবাদী করা হয়েছে। আদালত আজ উভয় পক্ষের শুনানি গ্রহণ শেষে চারজনের জামিন আবেদন মঞ্জুর করেন।
আরও পড়ুন:








