বুধবার

২৪ জুন, ২০২৬ ১০ আষাঢ়, ১৪৩৩

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ বিএসএফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ১১:১৭

আপডেট: ২৪ জুন, ২০২৬ ১১:১৯

শেয়ার

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ বিএসএফ
ছবি সংগৃহীত

নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত দিয়ে শিশুসহ ৯ জন নারী-পুরুষকে বাংলাদেশে জোরপূর্বক পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক ও শক্ত অবস্থানের কারণে বিএসএফের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বুধবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার আদাতলা সীমান্তের উত্তর পাতাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, নওগাঁ ব্যাটালিয়নের ১৬ বিজিবি আওতাধীন আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ২৪৪/এমপি সীমান্ত পিলার দিয়ে ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা করে। ভুক্তভোগীদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে।

অনুপ্রবেশের বিষয়টি জানতে পেরে আদাতলা বিওপির বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবি সদস্যরা ভারতীয় সীমান্তের শূন্য রেখায় (জিরো লাইন) অবস্থানরত ওই ব্যক্তিদের শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে কঠোর বাধা প্রদান করে। বিজিবির অনড় অবস্থানের মুখে বিএসএফ তাদের পুশইন করতে ব্যর্থ হয়।

১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি কঠোর নজরদারি ও সতর্ক অবস্থানে রয়েছে।



banner close
banner close