বুধবার

২৪ জুন, ২০২৬ ১০ আষাঢ়, ১৪৩৩

বকেয়া পাওনা মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ১০:১৮

শেয়ার

বকেয়া পাওনা মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
ছবি সংগৃহীত

শ্রমিকদের বকেয়া পাওনা সংক্রান্ত মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আফতাব অটোমোবাইলসের পরিচালক মো. সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে রাজধানীর বনানী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাত থেকে ওই বাসাটি ঘেরাও করে রাখে। অভিযানে বনানী থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ রাতে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে আসে এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আফরোজা খানম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযান পরিচালনাকারী দল তাকে থানায় নিয়ে আসার প্রক্রিয়ায় ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে ২০২৫ সালে একটি মামলা দায়ের করা হয়, যার নম্বর ১৫৯। নাভানা গ্রুপ ও আফতাব অটোমোবাইলসের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ না করার অভিযোগে ওই মামলাটি করা হয়েছিল। উক্ত মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের তথ্য অনুযায়ী, বনানীর ওই ভবনে প্রবেশের সময় তারা বাধার সম্মুখীন হন। ভবনের ভেতরে অবস্থানরত সাজেদুল ইসলাম শুভ্রর গাড়িচালক ও দেহরক্ষীরা প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে পুলিশ সদস্যদের সঙ্গে অসহযোগিতা ও উশৃঙ্খল আচরণ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ তাকে নিজ হেফাজতে নেয়। বর্তমানে গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় রেখে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



banner close
banner close