বুধবার

২৪ জুন, ২০২৬ ১১ আষাঢ়, ১৪৩৩

মিরসরাইয়ে ৩৪ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য উদ্ধার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ২২:৪৯

শেয়ার

মিরসরাইয়ে ৩৪ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য উদ্ধার
ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৪ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য ও একটি হাইস মাইক্রোবাস উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য দেশে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে করেরহাট এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় একটি হাইস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৩-৫১৬০) পুলিশের সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে পুলিশ ধাওয়া করলে গাড়িটি হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর এলাকায় পৌঁছে চালক মালামালসহ গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে গিয়ে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৫০ পিস হরলিক্স, ১৪৪ পিস নবরত্ন তেল, ১ হাজার ৫১২ পিস কিটক্যাট চকলেট, ১ হাজার ৪০ পিস ছোট-বড় স্নিকার্স চকলেট এবং ২ হাজার ৫২০ পিস ডেইরি মিল্ক চকলেট। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৫ হাজার ২১০ টাকা।

এছাড়া চোরাচালানে ব্যবহৃত হাইস মাইক্রোবাসটির আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। উদ্ধারকৃত পণ্য ও গাড়ির মোট মূল্য প্রায় ৩৪ লাখ ১৫ হাজার ২১০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, দীর্ঘদিন ধরে মিরসরাইয়ের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে প্রবেশের তথ্য পাওয়া যাচ্ছিল। এ কারণে ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাইপণ্য উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, গাড়ির চালক পালিয়ে গেলেও গাড়ির মালিক ও চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



banner close
banner close