মঙ্গলবার

২৩ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

বাঘারপাড়ায় ছুরিকাঘাতে আহত তরুণের মৃত্যুতে বিক্ষোভ

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ২১:৫৮

শেয়ার

বাঘারপাড়ায় ছুরিকাঘাতে আহত তরুণের মৃত্যুতে বিক্ষোভ
ছবি সংগৃহীত

যশোরের বাঘারপাড়া উপজেলায় ধান কেনাবেচার ওজন নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে আহত সাহাবী নামে এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ২৫ মে হামলার শিকার হওয়ার প্রায় এক মাস পর সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় মঙ্গলবার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা।

নিহত সাহাবী (১৯) উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের হানিফার ছেলে। একই ঘটনায় তার বাবা হানিফাও গুরুতর আহত হয়েছিলেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে রায়পুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ মে সকালে হানিফা ও তার ছেলে সাহাবী রায়পুর বাজারে ধান বিক্রি করতে যান। সেখানে ওজন নিয়ে ক্রেতা পক্ষ রায়পুর গ্রামের হাসান মণ্ডল ও তার ছেলে সাকিবের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়। প্রতি মণে অতিরিক্ত ধান দেওয়ার পরও ওজনে কম দেখানোর প্রতিবাদ করায় বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সাকিব ধারালো ছুরি দিয়ে হামলা চালালে বাবা ও ছেলে দুজনেই গুরুতর জখম হন।

আহতদের উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সাহাবীর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তিনি মারা যান।

নিহতের মরদেহ এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার জানাজা শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী লাশবাহী খাটিয়া নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। তারা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



banner close
banner close