টাঙ্গাইলের নাগরপুরে বিদ্যালয়ের ৩২ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, সকাল সোয়া ১০টার পর যখন শিক্ষার্থীরা ক্লাসে যাচ্ছিল তখন অনেকেই বমি করতে থাকে। পরে ৩২ জনকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি।
তিনি আরও বলেন, টিউবওয়েলের পাশ থেকে পলিথিনে ভরা সাদা পেস্টের মতো ক্রীম উদ্ধার করা হয়েছে। আমার ধারণা, এই পেস্ট টিউবওয়েলের পানির মধ্যে মেশার কারণে পানিতে বিষক্রিয়া হয়েছে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, আমরা স্কুল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালে যারা ভর্তি রয়েছে, তারা অনেকটাই সুস্থ।
আরও পড়ুন:








