সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল ইসলামের সঙ্গে একজন সাংবাদিকের কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফোনালাপে সাংবাদিকের ভাই সম্বোধনে আপত্তি জানিয়ে নিজেকে মহোদয় বলে সম্বোধন করার নির্দেশ দিতে শোনা যায় সিভিল সার্জনকে। সোমবার বিকেলে বেসরকারি টেলিভিশন দেশ টিভি ও স্থানীয় দৈনিক কলম সৈনিক পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি মুইনুল হোসাইনের সঙ্গে এই ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাংবাদিক মুইনুল হোসাইন উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়মের বিষয়ে বক্তব্য নিতে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল ইসলামকে মুঠোফোনে কল করেন। কথোপকথনের একপর্যায়ে সাংবাদিক তাকে ভাই বলে সম্বোধন করলে সিভিল সার্জন এতে কঠোর আপত্তি জানান। তিনি নিজেকে জেলার একজন পদস্থ কর্মকর্তা হিসেবে উল্লেখ করে সরকারি কর্মকর্তাদের ভাই না বলে মহোদয় সম্বোধন করা উচিত বলে মন্তব্য করেন।
সাংবাদিক মুইনুল হোসাইন এই বিষয়ে জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম নিয়ে প্রশ্ন করার জন্য তিনি সিভিল সার্জনকে ফোন করেছিলেন। সালাম দিয়ে ভাই বলে সম্বোধন করায় সিভিল সার্জন ক্ষুব্ধ হন এবং তাকে মহোদয় বলে ডাকার নির্দেশ দেন। সাংবাদিক তাকে মহোদয় সম্বোধন করতে রাজি হওয়ার কথা জানালে ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এই ঘটনার অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতির বিষয়ে বক্তব্য জানতে সিভিল সার্জন ডা. নুরুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ঘটনাটি বর্তমানে জেলার সচেতন মহলে আলোচনার কেন্দ্রে রয়েছে।
আরও পড়ুন:








