রাজবাড়ীর পাংশা উপজেলায় খড়ের পালায় কাজ করার সময় বিষাক্ত গোখরা সাপের ছোবলে গুরুতর আহত হয়েছেন এক কৃষক। পরে স্থানীয়রা সাপটিকে আটক করে আহত কৃষকসহ হাসপাতালে নিয়ে যান।
সোমবার দুপুর ১টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল গ্রামে এ ঘটনা ঘটে।
আহত কৃষকের নাম শহমান মোল্লা। তিনি রামকোল গ্রামের মো. মজিবর মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের খড়ের পালায় কাজ করছিলেন শহমান মোল্লা। এ সময় একটি বিষাক্ত গুখরো সাপ তার ডান হাতে ছোবল দেয়। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে সাপটিকে একটি প্লাস্টিকের পাত্রে আটক করেন এবং আহত অবস্থায় শহমানকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় অ্যান্টিভেনম প্রয়োগ করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাপটিসহ হাসপাতালে নিয়ে আসার ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আরও পড়ুন:








