রাজবাড়ীর পাংশা উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জামিন বিশ্বাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
রবিবার সকালে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের দড়ি-বাংলাট গ্রামের বাসিন্দাদের সঙ্গে পাট্টা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের লোকজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, জমির সীমানা ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে রবিবার সকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন ঢেঁপা-মাজাইল গ্রামের হোসেন আলী বিশ্বাসের ছেলে জামিন বিশ্বাস।
তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।
পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:








