সোমবার

২২ জুন, ২০২৬ ৮ আষাঢ়, ১৪৩৩

ডিবি কর্মকর্তা সেজে লাখ টাকা দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ১০:৪৪

আপডেট: ২২ জুন, ২০২৬ ১০:৪৭

শেয়ার

ডিবি কর্মকর্তা সেজে লাখ টাকা দাবি
ছবি: সংগৃহীত

নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে একটি মামলা থেকে রক্ষা করার আশ্বাস দিয়ে ১ লাখ টাকা দাবি করেছিলেন রাসেল নামে এক যুবক। তবে পরিবারের সদস্যদের সন্দেহ ও স্থানীয় বাসিন্দাদের সচেতনতায় শেষ পর্যন্ত তার পরিকল্পনা সফল হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে পুলিশ।

রবিবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডিবি পরিচয় দেয়া রাসেল সলঙ্গা ইউনিয়নের সাতটিকরী গ্রামের মছের আলীর ছেলে। তিনি রবিবার সকালে নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে জিন্নাহ নামের একজনের বাড়িতে প্রবেশ করেন। এ সময় একটি মামলা থেকে রক্ষা করার কথা বলে পরিবারের সদস্যদের কাছে ১ লাখ টাকা দাবি করেন তিনি।

তার কথাবার্তা ও পরিচয় নিয়ে সন্দেহ হলে পরিবারের সদস্যরা বিষয়টি যাচাই করার চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও সন্দেহ সৃষ্টি হলে তারা সলঙ্গা থানা-পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে রাসেলকে আটক করেন। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

সলঙ্গা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ওই ব্যক্তি একজনের বাড়িতে গিয়ে ডিবি পরিচয় দিয়েছিলেন। এরপর মামলার ভয় দেখিয়ে, টাকা দাবি করেন। এখন তো মানুষ সচেতন, সন্দেহ করার পরে থানা-পুলিশকে খবর দেয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে, তিনি অটোচালক ছিলেন।



banner close
banner close