সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নে একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (২১ জুন) দুপুরে উপজেলার পূর্বদেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় স্টার নিউজের সাংবাদিক মো. গোলাম মোস্তফা মামুনকে মারধর এবং পরবর্তীতে তার বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বদেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সভা চলাকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়। কমিটির সভাপতিসহ অন্যান্য পদে নিজেদের পছন্দের ব্যক্তিদের মনোনীত করতে একটি পক্ষ চাপ সৃষ্টি করলে উপস্থিত দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ সময় সাংবাদিক গোলাম মোস্তফা মামুন নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় কমিটি গঠনের পক্ষে মত প্রকাশ করলে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সাংবাদিক মামুনের ওপর হামলার পর উপস্থিত গ্রামবাসী তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং বাড়িতে পৌঁছে দেন। অভিযোগ রয়েছে, এরপর শফিকুল ইসলাম ঠান্ডুর নেতৃত্বে একদল লোক পুনরায় সাংবাদিকের বাড়িতে গিয়ে হামলা চালায়। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তাহীনতার কারণে সাধারণ মানুষ ঘটনাস্থল ত্যাগ করেন।
ভুক্তভোগী সাংবাদিকের দাবি, নিয়মতান্ত্রিকভাবে কমিটি গঠনের কথা বলায় তার ওপর এবং পরবর্তীতে তার বাড়িতে এই হামলা চালানো হয়েছে। বর্তমানে তিনি সপরিবারে নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন। এ ঘটনায় বিচার ও নিরাপত্তার আবেদন জানিয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে উল্লাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে এখনো তিনি কোনো আনুষ্ঠানিক তথ্য পাননি। তবে ঘটনাটি বিস্তারিত জানার চেষ্টা চলছে এবং পরিস্থিতি পর্যালোচনা করে বিদ্যালয় পরিচালনা কমিটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লাপাড়া মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, সাংবাদিকের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। বিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন নিয়ে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:








