সোমবার

২২ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

জমিজমা বিরোধে হামলার শিকার অধ্যাপক মসলেম উদ্দিনের মৃত্যু

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ২২:৩৮

শেয়ার

জমিজমা বিরোধে হামলার শিকার অধ্যাপক মসলেম উদ্দিনের মৃত্যু
ছবি সংগৃহীত

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন যশোরের সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মসলেম উদ্দিন মন্ডল। শুক্রবার ১৯ জুন সকালে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত অধ্যাপক মসলেম উদ্দিন মন্ডল কুষ্টিয়া সদর উপজেলার হররা এলাকার বাসিন্দা ছিলেন। পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, পৈত্রিক ভিটার চার শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন ধরে তার কয়েকজন আত্মীয়ের সঙ্গে বিরোধ চলছিল। এই বিষয়ে স্থানীয় আদালত ও হাইকোর্টে তার পক্ষে রায় এলেও জমির দখল বুঝে পাওয়া সম্ভব হয়নি। গত ১৭ জুন সন্ধ্যায় বিরোধপূর্ণ জমির একটি আমবাগান থেকে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে কয়েকজন স্বজন তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিটোরে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ প্রদত্ত মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে সেপটিক শকের কথা উল্লেখ করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানা সূত্রে জানা গেছে, এই ঘটনায় বর্তমানে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা নথিভুক্ত হওয়ার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হবে।

এদিকে অধ্যাপকের মৃত্যুতে এমএম কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে কলেজে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিহতের সহকর্মী ও এলাকাবাসী। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন।



banner close
banner close