সোমবার

২২ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

সিরাজগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ২২:৩১

শেয়ার

সিরাজগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে আল্টিমেটাম
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণার দাবিতে মানববন্ধন ও আল্টিমেটাম দিয়েছেন সাধারণ শ্রমিকরা। রবিবার (২১ জুন) সকাল ১১টায় সিরাজগঞ্জের এম. এ. মতিন বাস টার্মিনালের সামনে এই কর্মসূচি পালন করা হয়। আগামী দুই দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে শ্রমিক চাঁদা বন্ধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় সাধারণ শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। একটি স্বার্থান্বেষী মহল নিজেদের সুবিধা হাসিলের উদ্দেশ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করে নির্বাচন বিলম্বিত করছে বলে অভিযোগ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলে শ্রমিকরা রাজপথে বড় ধরনের আন্দোলনে নামবেন এবং প্রয়োজনে পরিবহন কার্যক্রম অচল করে দেওয়ার মতো কর্মসূচি গ্রহণ করবেন।

বক্তারা ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মজিদকে উদ্দেশ্য করে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে আর উপেক্ষা করার সুযোগ নেই। দ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা না হলে সাধারণ শ্রমিকরা রাজপথেই এর চূড়ান্ত জবাব দেবে।

কর্মসূচি শেষে শ্রমিকদের পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতি বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম সেরাজ, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. চাঁন ড্রাইভার, সাবেক সড়ক সম্পাদক ইসমাইল হোসেন বাবু এবং সাবেক কার্যকরী সদস্য মো. আবু হানিফ। এছাড়া সাধারণ শ্রমিক অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক মো. আব্দুস সালামের নেতৃত্বে নাজমুল হাসান কোরবান, লালন ড্রাইভার, আসাদ ড্রাইভার ও হান্নান ড্রাইভারসহ শতাধিক শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেন।



banner close
banner close