গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া চৌমাথা এলাকায় প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ নিহত হয়েছেন। গত রোববার দুপুর পৌনে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে সালাউদ্দিন নামে অপর এক শিবির কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাঘাটার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সাথে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়ার কথা কাটাকাটি হয়। সে সময় ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ ও কর্মী সালাউদ্দিনসহ স্থানীয় নেতাদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপজেলা চত্বর ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার প্রায় ১০ মিনিট পর সাইফুল্লাহ ও সালাউদ্দিন উপজেলা সংলগ্ন বোনারপাড়া চৌমাথা এলাকায় অবস্থান করছিলেন। এ সময় বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়া, তার ভাই পলাশ, ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলাম এবং যুবদল নেতা আশরাফ, মোনারুল ও জব্বারসহ ১০ থেকে ১৩ জনের একটি সশস্ত্র দল পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। আক্রমণকারীরা প্রথমে সালাউদ্দিনের গলায় আঘাত করে। সাইফুল্লাহ তাকে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা তাকে ধাওয়া করে ইউনিয়ন পরিষদের সামনের সড়কে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ঘটনার পরপরই অভিযুক্তরা মোটরসাইকেলে করে দ্রুত এলাকা ত্যাগ করে।
স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সাইফুল্লাহকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাঘাটা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাজেদুর রহমান অভিযোগ করেছেন যে, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়া, তার ভাই পলাশ এবং বিএনপি সদস্য রবিউল ইসলামসহ বেশ কয়েকজন এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন।
ঘটনার বিষয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইয়ুম জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করছে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:








