মঙ্গলবার

২৩ জুন, ২০২৬ ১০ আষাঢ়, ১৪৩৩

প্রাক্তন স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধিঃ

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ১৩:২২

শেয়ার

প্রাক্তন স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড
ছবি সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত মিঠুন শেখ (৩৫) কুষ্টিয়ার খোকসা উপজেলার উসমানপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত কাজে ওই এলাকায় আসেন মিঠুন শেখ। তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে তল্লাশি চালান। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগের সত্যতা পাওয়ায় মিঠুন শেখকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একজন ব্যক্তির কাছ থেকে ইয়াবা উদ্ধারের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



banner close
banner close