সোমবার

২২ জুন, ২০২৬ ৮ আষাঢ়, ১৪৩৩

নেত্রকোণায় ঐতিহ্যবাহী কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

নেত্রকোণা, প্রতিনিধি

প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ২০:৪৭

শেয়ার

নেত্রকোণায় ঐতিহ্যবাহী কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবি: বাংলা এডিশন

গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে জমজমাট কুস্তি প্রতিযোগিতা। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা কুস্তিগীরদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

শনিবার দুপুরে নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের বাঘরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় উদ্যোগে এ কুস্তি খেলার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অভিজ্ঞ কুস্তিগীরদের পাশাপাশি কিশোর ও তরুণরাও অংশ নিয়ে নিজেদের শক্তি ও দক্ষতার প্রদর্শন করেন।

ঐতিহ্যবাহী এ খেলা উপভোগ করতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত দর্শক মাঠে ভিড় করেন। কুস্তি প্রতিযোগিতাকে ঘিরে বিদ্যালয় মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। মাঠের চারপাশে বসে অস্থায়ী দোকানপাট; যেখানে খাবার, খেলনা ও বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। ফলে পুরো এলাকা যেন একদিনের গ্রামীণ মেলায় পরিণত হয়।

আয়োজকরা জানান, বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছিল। প্রথম পুরস্কার হিসেবে দেয়া হয় একটি এলইডি টেলিভিশন। এছাড়া খাসি ছাগল, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ছাতা ও অন্যান্য পুরস্কারও প্রদান করা হয়।

খেলা দেখতে আসা প্রবীণ দর্শকরা জানান, দীর্ঘদিন পর এমন কুস্তি প্রতিযোগিতা দেখে তারা আনন্দিত। তাদের মতে, কুস্তি একসময় গ্রামবাংলার অন্যতম জনপ্রিয় খেলা ছিল, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় তা ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। তারা এই আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত এমন প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন শুধু বিনোদনেরই উৎস নয়, বরং নতুন প্রজন্মকে নিজেদের শেকড় ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।



banner close
banner close