নেত্রকোনার মোহনগঞ্জে ১০ বছর বয়সী এক শিশু সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা ধর্ষণ মামলার পলাতক আসামি মহন তালুকদার (২৫) থানায় আত্মসমর্পণ করেছেন।
শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে মোহনগঞ্জ থানায় উপস্থিত হয়ে তিনি আত্মসমর্পণ করেন।
এ সময় মহন তালুকদার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, 'আমি ষড়যন্ত্রের শিকার। আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আত্মসমর্পণ করেছি। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে আশা করছি।'
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত মহন তালুকদার মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন। ধর্ষণের অভিযোগ ওঠার পর দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে আদালতে অভিযোগ দায়ের করেন। পরে আদালত মোহনগঞ্জ থানাকে মামলাটি রেকর্ড করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশনার পর ২ মে ধর্ষণের অভিযোগে মামলাটি নথিভুক্ত করা হয়।
মামলা দায়েরের পর থেকেই মহন তালুকদার আত্মগোপনে ছিলেন। গত মঙ্গলবার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং তাকে গ্রেপ্তারে তৎপরতা বাড়ায় পুলিশ।
শনিবার সকালে ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, গত কয়েকদিন ধরে অভিযুক্তের পরিবারের সঙ্গে যোগাযোগ ও কাউন্সেলিং করা হয়েছে, যাতে তিনি আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ করা তাদের জন্য ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন:








