টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার টেলকি জলই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গ্রাব্রিয়েল নকরেক, রতন নকরেক, বাবলু হাদিমা এবং নেইমার ম্রং। তারা সবাই উপজেলার জলই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে একটি ছাগল বাড়ির পাশের একটি পরিত্যক্ত সেফটিক ট্যাংকের মধ্যে পড়ে যায়। ছাগলটিকে উদ্ধার করার জন্য প্রথমে গ্রাব্রিয়েল নকরেক ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ অতিবাহিত হলেও তিনি আর উপরে উঠতে না পারায় পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েন।
পরে তাকে উদ্ধারের জন্য একে একে রতন নকরেক, বাবলু হাদিমা এবং শিশুপুত্র নেইমার ম্রং ট্যাংকের ভেতরে নামেন। কিন্তু তারাও আর ফিরে আসতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি এত দ্রুত ঘটেছে যে কেউ প্রথমে বুঝতেই পারেননি কী কারণে একের পর এক মানুষ ট্যাংকের ভেতরে অচেতন হয়ে পড়ছেন। পরে ধারণা করা হয়, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা সেফটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে ছিল। সেই গ্যাসের প্রভাবে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু ঘটে থাকতে পারে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুর হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, ফায়ার সার্ভিসের সহযোগিতায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে মৃত্যুর বিষয়টি ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে একই পরিবারের ও প্রতিবেশীদের কয়েকজনের একসঙ্গে মৃত্যুর ঘটনায় গ্রামজুড়ে শোকের মাতম চলছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
আরও পড়ুন:








