শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

সরাইলে ৩ হাজার ৭০৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ০৯:২৪

আপডেট: ২০ জুন, ২০২৬ ০৯:২৫

শেয়ার

সরাইলে ৩ হাজার ৭০৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ হাজার ৭০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সরাইল থানার এসআই বিপ্লব কুমার সিংহের নেতৃত্বে একটি বিশেষ টিম অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান এবং গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে দিনব্যাপী অভিযান পরিচালনা করে।

অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বড় ব্রিজের দক্ষিণ পাশে সড়কে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক নারীকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৩ হাজার ৭০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নারী হলেন রোজিনা আক্তার। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চান্দেরকান্দি (অলিপুরা) গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মো. সুমন এবং পিতা মৃত হামিদ মিয়া।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সরাইল থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে এবং তরুণ প্রজন্মকে রক্ষায় পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।