শনিবার

২০ জুন, ২০২৬ ৭ আষাঢ়, ১৪৩৩

সনাতনীদের জন্য পৃথক প্রদেশ গঠনের হুঁশিয়ারি: চৈতালী চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬ ২২:৩৬

শেয়ার

সনাতনীদের জন্য পৃথক প্রদেশ গঠনের হুঁশিয়ারি: চৈতালী চক্রবর্তী
ছবি সংগৃহীত

বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন ও বৈষম্য অব্যাহত থাকলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় পৃথক প্রদেশ গঠনের হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী। শুক্রবার একটি বেসরকারি গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

চৈতালী চক্রবর্তী জানান, বর্তমান বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা বিঘ্নিত হলে তারা বিশ্বের বিভিন্ন দেশের কাছে সাহায্য চেয়ে শুধুমাত্র সনাতনীদের জন্য আলাদা একটি প্রদেশ গঠনের দাবি তুলবেন। যদিও তিনি ব্যক্তিগতভাবে এমন পরিস্থিতি কাম্য নয় বলে উল্লেখ করেছেন, তবে উদ্ভূত পরিস্থিতির কারণে ভবিষ্যতে এমন সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হতে পারেন বলে জানান।

সাক্ষাৎকারে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে বলেন, অতীতে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায় যেভাবে মিলেমিশে বসবাস করত, বর্তমানেও সেই একই পরিবেশ বজায় রাখা প্রয়োজন। তিনি দেশের সকল নাগরিকের সমান অধিকারের ওপর গুরুত্বারোপ করেন।

ধর্মীয় সহনশীলতার বিষয়ে এই আইনজীবী স্পষ্ট করেন যে, ধর্মীয় আচার-অনুষ্ঠানে পারস্পরিক শ্রদ্ধা থাকা বাঞ্ছনীয় এবং কাউকে জোরপূর্বক বা উস্কানিমূলকভাবে কোনো কিছুর দিকে ধাবিত করা উচিত নয়। তিনি সতর্ক করে দেন যে, সাম্প্রদায়িক দাঙ্গা বা সংঘাত কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক হবে না। কোনো ধরনের হামলার ঘটনা ঘটলে সনাতন ধর্মাবলম্বীরাও এখন থেকে পাল্টা প্রতিরোধের পথ বেছে নেবে বলে তিনি হুঁশিয়ারি প্রদান করেন।



banner close
banner close