শুক্রবার

১৯ জুন, ২০২৬ ৫ আষাঢ়, ১৪৩৩

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন তিন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬ ০১:৩০

শেয়ার

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন তিন মন্ত্রী
ছবি সংগৃহীত

তিস্তা ব্যারাজ ও তিস্তা নদীতীরবর্তী ভাঙন পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে আজ শুক্রবার লালমনিরহাট সফরে যাচ্ছেন সরকারের তিন মন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু দুপুরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করবেন।

পরিদর্শন শেষে মন্ত্রীরা তিস্তা অবসর হলরুমে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। সভায় তিস্তা অববাহিকার নদীভাঙন, বন্যা নিয়ন্ত্রণ, নদীশাসন এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে মন্ত্রীরা তিস্তাপাড়ের ভাঙনকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন এবং স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ও সমস্যাগুলো সরাসরি শুনবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তিস্তাতীরবর্তী এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সরকারের উচ্চপর্যায়ের এই সফর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথকে আরও বেগবান করবে। একই সঙ্গে নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ এবং স্থায়ী নদীশাসনের উদ্যোগ নেওয়া হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

স্থানীয়দের মতে, প্রতিবছর বর্ষা মৌসুমে তিস্তার ভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। ফলে দীর্ঘদিন ধরেই স্থায়ী সমাধানের দাবিতে সোচ্চার রয়েছেন নদীপাড়ের মানুষ।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র বলেন, মন্ত্রীদের সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।



banner close
banner close