চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
শুক্রবার ভোর রাত ৪টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর ২ নম্বর ওয়ার্ডের মহির পুকুরপাড় এলাকায় হাজী আহমদ আলীর নতুন বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন–মুহাম্মদ জাফর, মুহাম্মদ পারেসুল আলম, মুহাম্মদ অছিউর রহমান, মুহাম্মদ তৌহিদ ও মোজাফফর আহমদ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাত ৪টার দিকে মোজাফ্ফর আহমদ এর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় ঘরটিতে কেউ অবস্থান করছিলেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি থাকা আরও চারটি বসতঘরে।
ক্ষতিগ্রস্ত পারেসুল আলম ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে পাঁচটি বসতঘরই দাউদাউ করে জ্বলতে থাকে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ঘরগুলোর আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বাঁশখালী স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মিযানুর রহমান বলেন, 'খবর পাওয়ার পর আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাবে।'
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চরম হতাশা বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আরও পড়ুন:







