কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় একটি প্রাইভেটকার ও একটি কাভার্ডভ্যান জব্দ এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার নূরজাহান হোটেলের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি কালো রঙের এলিয়ন প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়।
প্রাইভেটকারে থাকা মো. রুবেল (২৮), মো. আরজান হোসেন (৩৭) ও মো. সোহেল রানাকে (৪৩) জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি নীল-হলুদ রঙের কাভার্ডভ্যান তল্লাশি করা হয়। পরে কাভার্ডভ্যানটির বডির সামনের অংশে বিশেষভাবে তৈরি করা একটি গোপন চেম্বার বক্স গ্রাইন্ডার মেশিন দিয়ে কেটে ভেতর থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ইয়াবাগুলো অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল। একই সঙ্গে কাভার্ডভ্যানে থাকা প্রায় ১৫ টন লবণও জব্দ করা হয়, যা মাদক পরিবহনের আড়াল হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— পাবনা সদর উপজেলার তিনগাছা রাজাপুর এলাকার মো. আরজান হোসেন (৩৭), কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার মো. মোজাহের শেখ (৩৩), সাতক্ষীরা জেলার শ্যামলনগর এলাকার মো. সুরুজ হোসেন (২৬), গাজীপুর সদর উপজেলার মো. সোহেল রানা (৪৩) এবং মো. রুবেল (২৮)।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:







