চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে পায়ে গুলি করার পরিকল্পনার বিষয়ে একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ফাঁস হওয়া কথিত অডিওতে সংসদ সদস্যের দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে দাবি করা হচ্ছে, যেখানে নির্বাচিত সংসদ সদস্যকে উদ্দেশ্য করে সহিংস পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়। অনুসন্ধানে অডিওতে থাকা দুই ব্যক্তির একজন আরমান উদ্দিন বলে নিশ্চিত হওয়া গেছে, তবে অপর ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে আরমান উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, সংসদ সদস্যকে গুলি করার কোনো কারণ নেই বলে তিনি মনে করেন। অডিওটি তার হোয়াটসঅ্যাপে পাঠাতে বলা হলে তিনি তা আগে দেখার পর প্রতিক্রিয়া জানানোর কথা বলেন। অডিও পাঠানোর পর তিনি আর কল রিসিভ করেননি।
কথিত অডিওতে অপর এক ব্যক্তিকে এলাকায় সংসদ সদস্যের আগমন নিয়ে আপত্তি জানিয়ে অস্ত্র প্রদর্শন ও গুলির হুমকির ইঙ্গিতপূর্ণ আলোচনা করতে শোনা যায় বলে দাবি করা হয়েছে। জবাবে আরমান উদ্দিনকে এ ধরনের কর্মকাণ্ডে পুলিশ, সেনাবাহিনী ও সংসদ সদস্য জড়িয়ে পড়ার আশঙ্কার কথা বলতে শোনা যায় বলে কথোপকথনে উল্লেখ আছে।
স্থানীয় সূত্র দাবি করেছে, অডিওতে অপর ব্যক্তিটি লোহাগাড়া এলাকায় বালু উত্তোলন ও মাটি কাটার সঙ্গে জড়িত প্রভাবশালী একটি পক্ষের ঘনিষ্ঠ হতে পারেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং অডিওর সত্যতা, উৎস ও সংশ্লিষ্টদের ভূমিকা যাচাই করা হচ্ছে। তিনি জানান, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:







