সৌদি আরবের আল জউফ এলাকায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সাবেক ইউপি সদস্য গিয়াস শিকদার (৬০) নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) বিকেলে কর্মস্থল থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গিয়াস শিকদার উপজেলার উত্তর আলমনগর গ্রামের বাসিন্দা। তিনি চরভদ্রাসন সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক সহায়তার জন্য প্রায় সাড়ে তিন বছর আগে সৌদি আরবে যান গিয়াস শিকদার। সেখানে আল জউফ এলাকার একটি কৃষি খামারে কর্মরত ছিলেন তিনি।
বুধবার বিকেলে কাজ শেষে ফেরার পথে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গিয়াস শিকদারের মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের ভাই শাহিনুজ্জামান শিকদার জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা দিশেহারা। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।
চরভদ্রাসন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান বলেন, গিয়াস শিকদার একজন সৎ ও জনপ্রিয় মানুষ ছিলেন। জনপ্রতিনিধি থাকাকালে তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন।
ফরিদপুর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী জানান, নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কোম্পানির মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রয়োজন হলে সরকারি ব্যবস্থায়ও পরিবারকে সহযোগিতা করা হবে।
আরও পড়ুন:








