বৃহস্পতিবার

১৮ জুন, ২০২৬ ৪ আষাঢ়, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে ১০ হাজার টাকার বিনিময়ে ভারতে যাওয়ার চুক্তি: দালালসহ আটক তিন

ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬ ১৭:৫১

আপডেট: ১৮ জুন, ২০২৬ ১৭:৫২

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে ১০ হাজার টাকার বিনিময়ে ভারতে যাওয়ার চুক্তি: দালালসহ আটক তিন
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে এক বাংলাদেশি নাগরিক এবং মানবপাচারে সহযোগিতার অভিযোগে আরও দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীন ধর্মঘর বিওপির টহলদল হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। স্থানটি সীমান্ত পিলার ১৯৯৪/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের উজ্জ্বল চন্দ্র দেব হবিগঞ্জের মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের মোশারফ হোসেন এবং একই উপজেলার মোহনপুর গ্রামের রাহুল।

বিজিবি জানায়, আটক উজ্জ্বল চন্দ্র দেবকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতের আগরতলায় বসবাসরত তার অসুস্থ বোনকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে তিনি ১০ হাজার টাকার বিনিময়ে দালালচক্রের সহায়তায় অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করেন। এ কাজে সহযোগিতা করেন মোশারফ হোসেন ও রাহুল।

অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশি ৫০০ টাকা, ভারতীয় ৩০০ রুপি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবি সূত্রে আরও জানা গেছে, আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ ফেস দ্যা পিপল কে জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার রোধে তাদের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে বলে জানানো হয়।



banner close
banner close