চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে নদীপথে একাধিকবার পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রতিবারই এসব চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বুধবার দিবাগত রাতে গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্তের ভারতীয় ভূখণ্ডে কয়েকজন নারী-পুরুষকে পুশইনের জন্য জড়ো করে বিএসএফ। স্থানীয় বাসিন্দা ও বিজিবির টহল তৎপরতা টের পেয়ে পরে তাদের ফিরিয়ে নেয় বিএসএফ।
এর আগে গত ৪ থেকে ১৫ জুনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি ও রোকনপুর সীমান্ত দিয়ে ১১ দিনের ব্যবধানে তিন দফায় ৪৪ শিশু, নারী ও পুরুষকে পুশইনের চেষ্টা করা হয়। প্রতিবারই স্থানীয়দের দেওয়া তথ্য ও সহযোগিতায় তাদের ভারতের অভ্যন্তরে ফেরত পাঠায় বিজিবি। বিজিবি ও স্থানীয়রা জানায়, তারবিহীন নদীপথ দিয়ে দুর্গম সীমান্ত হওয়ায় বারবার এসব পুশইনের চেষ্টা করা হচ্ছে।
১৫ জুন রাত ১১টার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। স্থানীয়রা তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করলে পরে তাকে আবার ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানো হয়। এ ঘটনায় রোকনপুর গ্রামের ৭ জনকে আটক করে পুলিশের কাছে দেয় বিজিবি, যাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
এর আগে ১৩ জুন দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে একই সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে এ চেষ্টা ব্যর্থ হলে রাত ২টা ৪০ মিনিটের দিকে ভবানীপুর এলাকা দিয়ে ওই ১৫ জনকে আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। এই দলে দুজন পুরুষ, আটজন নারী ও পাঁচ শিশু ছিল।
৪ জুন ভোররাতে বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জন নারী-পুরুষকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবির বাধার মুখে তারা তিন দিন শূন্যরেখায় অবস্থান করার পর আবার ভারতের অভ্যন্তরে ফিরে যায়। এই দলে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ শিশু ছিল।
পরিস্থিতি মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নজরদারি, সতর্কতা ও টহল তৎপরতা বাড়িয়েছে বিজিবি। তিনটি ব্যাটালিয়নে জনবল বাড়ানো হয়েছে এবং নদী ও বিলে নৌকা, স্থলপথে বাইনোকুলার ও ড্রোন ক্যামেরার মাধ্যমে টহল চালানো হচ্ছে। রাতের অন্ধকারে ব্যবহার করা হচ্ছে নাইট ভিশন ক্যামেরাও। সীমান্তে স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থান নিয়েছেন।
আরও পড়ুন:








