গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে ২ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নেয়া হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় জেলার কালিয়াকৈর উপজেলাধীন চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটেছে।
হাসপাতালে অবস্থানরত শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকালে কারখানায় প্রবেশ করে শ্রমিকরা। কাজ শুরুর কিছুক্ষণ পর শ্রমিকরা কারখানার পানি পান করেন। এর কিছুক্ষণ পর কারখানার চতুর্থ তলায় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অনেকেই মাথা ঘুরে পড়ে যাওয়া, বমিসহ নানা রকম অস্বাভাবিকতা দেখা দেয়। ধীরে ধীরে কারখানার অন্যান্য ফ্লোরের শ্রমিকরাও অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। অসুস্থদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক দেখা গেছে।
কারখানার শ্রমিক জাহিদ, মাজেদুল, তন্নি আক্তার জানান, প্রতিনিয়ত তারা কারখানার সাপ্লাই থেকে পানি পান করেন। আজও সেখান থেকেই পানি পান করার কিছুক্ষণ পর সবার মধ্যেই এমন অস্বাভাবিকতা দেখা দেয়। ২ শতাধিক শ্রমিক মাথা ঘুরে ফ্লোরে পড়ে যায়, অনেকেই বমি করেন, অনেকেই অচেতন হয়ে পড়েন। পরে সবাইকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। অনেককেই কারখানার ভেতরেও চিকিৎসা দেয়া হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পানি পান করে কিছু শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অসুস্থ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। যাঁরা অসুস্থ হয়েছেন, তাঁরা এখন পর্যন্ত শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
আরও পড়ুন:








