ফরিদপুরে ৫ হাজার ৮১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ লাখ ৪৩ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
বুধবার দুপুরে র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার রাজবাড়ী মোড় এলাকায় ঢাকা-ফরিদপুর-মাগুরা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহজনক একটি পিকআপে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫ হাজার ৮১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া গ্রামের মো. কবির হোসেন (৩১) এবং রাজবাড়ীর পাংশা উপজেলার হাজরাপাড়া এলাকার মো. ইব্রাহিম শেখ (২৩)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে জানা গেছে।
এ ঘটনায় উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র্যাব-১০ জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান জিরো টলারেন্স নীতিতে অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








