বুধবার

১৭ জুন, ২০২৬ ৩ আষাঢ়, ১৪৩৩

শার্শা সীমান্তে ডিবির অভিযান দুই বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক

শার্শা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬ ১৯:৪৪

আপডেট: ১৭ জুন, ২০২৬ ১৯:৪৬

শেয়ার

শার্শা সীমান্তে ডিবির অভিযান দুই বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
ছবি: সংগৃহীত

যশোরের শার্শা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি মোবাইল ফোনসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবসার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার দুপুরে যশোর জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ জানায়, বুধবার ভোররাত ৩টা ৩৫ মিনিটের দিকে শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় রাসেল রানা নামের এক যুবককে তাঁর টিনশেড বসতঘর থেকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল রানা তাঁর শয়নকক্ষের বালিশের নিচে রাখা একটি পলিথিন ব্যাগে অস্ত্র ও ম্যাগাজিন থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর দেয়া তথ্যের ভিত্তিতে ওই ব্যাগ থেকে দুটি ৭ দশমিক ৬৫ বোরের বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এরপর রাসেলের দেয়া তথ্য অনুযায়ী বেনাপোলের পুটখালী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে জিয়াউর রহমান ওরফে হাফিজুর নামে আরও এক ব্যক্তিকে আটক করে ডিবি পুলিশ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস এবং এগুলো কোথায় সরবরাহের পরিকল্পনা ছিল, সে বিষয়ে তদন্ত চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশের দাবি, সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালান ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close