শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

তর্কের জেরে বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যা, অভিযুক্ত দুই কিশোরের বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬ ১১:০৩

আপডেট: ১৭ জুন, ২০২৬ ১১:৫৪

শেয়ার

তর্কের জেরে বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যা, অভিযুক্ত দুই কিশোরের বাড়িতে হামলা
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় পুকুরে গোসল করতে নেমে তর্কের জেরে কিশোর রাহাতকে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে হামলা করে ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত দুই কিশোরসহ তাদের পরিবারের লোকজন।

বুধবার সকালে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণ সিংহা গ্রামের অভিযুক্তের বাড়িতে হামলা চালায় নিহতের বিক্ষুব্ধ পরিবার-স্বজনরা।

অভিযুক্ত দুই কিশোরের মধ্যে সাকিব একই এলাকার জবান আলীর ও রিফাত সাইদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উত্তর হরিণসিংহা গ্রামের হাওয়াই দিঘিতে গোসল করতে নামে স্থানীয় তিন কিশোর সাকিব (১৫), রিফাত (১৫) ও রাহাত (১৫)। গোসলের সময় তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে সাকিব ও রিফাত মিলে রাহাতকে পানিতে চুবাতে থাকে। এতে রাহাতের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।

এরপর আজ সকাল ৮টার দিকে নিহত কিশোরের পরিবার ও বিক্ষুব্ধ স্বজনরা বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় বিক্ষুব্ধরা বাড়ি ভেতরে ঢুকে থালা-বাসনসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং পুকুরের পানিতে ফেলে দেয়।

পরে বাড়িতে আগুন দেয়ার চেষ্টা করলে আশপাশের বাড়ির লোকজন ও স্থানীয়দের বাধার মুখে ব্যর্থ হয়। এসময় ভাঙচুরকারীরা প্রথমে জবান আলী ও পরে সাদেকুলের বাড়িতে ভাঙচুর করে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আজকে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।