চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সরকারি ওএমএস কর্মসূচির চাল ও আটা অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানার ঘটনার পর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় জেলা বিএনপি।
মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ জুন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে সোহেল আহমেদ মালিক সুজনের বিরুদ্ধে খাদ্যদ্রব্য, বিশেষ করে ওএমএসের চাল ও আটা অবৈধভাবে মজুদের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টিকে দলবিরোধী ও সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করেছে বিএনপি।
জেলা বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, ঘটনার পর পাঁচ দিন আগে পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সুজনের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠান। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি ওই নোটিশের কোনো জবাব দেননি। এ অবস্থায় দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে দলের নেতা-কর্মীদের উদ্দেশে নির্দেশনা দিয়ে বলা হয়, বহিষ্কৃত নেতা সোহেল আহমেদ মালিক সুজনের সঙ্গে সাংগঠনিক কোনো যোগাযোগ না রাখতে।
দলীয় সূত্রগুলো বলছে, শৃঙ্খলা ভঙ্গ ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি সম্প্রতি সাংগঠনিক অবস্থান আরও কঠোর করেছে। এর অংশ হিসেবেই চুয়াডাঙ্গায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট নেতারা মনে করছেন।
আরও পড়ুন:








