মঙ্গলবার

১৬ জুন, ২০২৬ ২ আষাঢ়, ১৪৩৩

লালমনিরহাটের আদিতমারীতে শিশু হত্যার জেরে পুলিশের গাড়িবহরে হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ১৭:৫৬

আপডেট: ১৬ জুন, ২০২৬ ১৭:৫৭

শেয়ার

লালমনিরহাটের আদিতমারীতে শিশু হত্যার জেরে পুলিশের গাড়িবহরে হামলা
ছবি সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও প্রশাসনের গাড়িবহর ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে সংঘটিত এই সংঘর্ষে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং বর্তমানে এলাকায় বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুর নাম নন্দিনী রানী (৭)। সে ফলিমারী গ্রামের কৃষক নলনী বর্মণের মেয়ে এবং স্থানীয় ব্র্যাক প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের তথ্য অনুযায়ী, গত সোমবার বিকেল থেকে নিখোঁজ থাকার পর মঙ্গলবার সকালে স্থানীয় একটি ভুট্টাক্ষেতে মাটিচাপা দেওয়া ও বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের প্রতিবেশী চাচা বিধানকে (১৯) আটক করলে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ওঠে। বিক্ষুব্ধ গ্রামবাসী আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তার বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তারা স্থানীয়দের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। তবে আসামিকে নিয়ে ফেরার সময় জনতা প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যবহৃত সরকারি গাড়িগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এই বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান জানান, শিশুটির মরদেহ উদ্ধারের পর পুলিশ আইনগত ব্যবস্থা নিতে গেলে স্থানীয়রা বাধা সৃষ্টি করে। পরে বিপুল সংখ্যক বিজিবি ও পুলিশ সদস্যের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আসামিকে নিয়ে আসার সময় অতর্কিত হামলায় সরকারি গাড়ি ভাঙচুর ও কয়েকজন সদস্য আহত হয়েছেন।

লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ জানান, রাষ্ট্রীয় কাজে বাধা প্রদান এবং পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ভূত পরিস্থিতির কারণে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করা হচ্ছে।



আরও পড়ুন:

banner close
banner close