পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব বেড়া উপজেলার একটি বালিকা বিদ্যালয়ের নাম তাঁর মায়ের নামে পরিবর্তনের আবেদন করেছেন। সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখা থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি ইস্যু করা হয়।
চিঠিতে বেড়া উপজেলার ফকিরকান্দি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম পরিবর্তন করে জাকিয়া হাবিব নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় রাখার প্রস্তাব করা হয়েছে। এমপি সেলিম রেজা হাবিব নিজেই এই আবেদন জমা দিয়েছেন বলে চিঠিতে উল্লেখ রয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত চিঠিটি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।
প্রশাসনিক নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটির মূল নাম ছিল জাকিয়া হাবিব নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর শিম/শা:১১/৫-১/২০১০/১২৫ এর মাধ্যমে বিদ্যালয়টির নাম পরিবর্তন করে ফকিরকান্দি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় রাখা হয়।
চিঠিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩) এর অনুচ্ছেদ ১৪.৫ অনুযায়ী প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও যৌক্তিকতাসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:






