মঙ্গলবার

১৬ জুন, ২০২৬ ২ আষাঢ়, ১৪৩৩

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় মঞ্চ ২৪-এর প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ১৪:২১

শেয়ার

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় মঞ্চ ২৪-এর প্রতিবাদ
প্রতীকী ছবি

দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশকসহ চারজন গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে মঞ্চ ২৪। মঙ্গলবার ১৬ জুন সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ প্রতিমন্ত্রী মীর শাহ আলমের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে তৈরি করা হলেও সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে কোনো স্বচ্ছ ব্যাখ্যা বা দাপ্তরিক জবাব না দিয়ে সরাসরি মামলা দায়ের করা হয়েছে। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ চার সংবাদকর্মীকে এই মামলায় বিবাদী করা হয়েছে।

প্রকাশিত তথ্যানুযায়ী, প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিষয়টি একজন অভিযুক্ত মাদক ব্যবসায়ীর মাধ্যমে সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঞ্চ ২৪ এই ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের পরিবেশের জন্য ক্ষতিকর বলে মনে করছে। রাষ্ট্র বা ক্ষমতাধর ব্যক্তিদের বিরুদ্ধে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করা গণতান্ত্রিক সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ হলেও মামলার মাধ্যমে সাংবাদিকদের হয়রানি করার এই প্রক্রিয়া স্বাধীন সংবাদচর্চাকে নিরুৎসাহিত করার অপচেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী স্বাক্ষরিত ওই বিবৃতিতে অবিলম্বে এই মামলাটি পুনর্বিবেচনা করার দাবি জানানো হয়। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। মুক্ত গণমাধ্যম রক্ষার স্বার্থে দেশের মানবাধিকারকর্মী ও সুশীল সমাজকেও ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।



banner close
banner close