গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার মুক্তার বাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৫৮ লাখ টাকা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
আটককৃতরা হলেন-মোঃ আনোয়ার হোসেন (৩৬), পিতা মৃত আব্দুল মতিন, মাতা কিরণমালা, স্থায়ী ঠিকানা চর দিঘলদী, থানা মাধবদী, জেলা নরসিংদী এবং মোঃ শাওন (২৬), পিতা মৃত আমির হোসেন, মাতা সাহেরা খাতুন, স্থায়ী ঠিকানা চর দিঘলদী, থানা রায়পুরা, জেলা নরসিংদী। তারা বর্তমানে টঙ্গী পশ্চিম থানার আওতাধীন আউচপাড়া আক্কেল আলী সড়কের বাবর গাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার একটি বিশেষ দল সোমবার রাতে মুক্তার বাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তাদের হেফাজত থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৫৮ লাখ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় বিশ লক্ষ টাকার বেশি হতে পারে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, টঙ্গী পশ্চিম থানা এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে ইতোমধ্যে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজকের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি তাদের মাদক নেটওয়ার্কের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







