২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে গণমুখী ও বাস্তবভিত্তিক উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সোমবার (১৫ জুন) বেলা ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বাজেটে বিড়ি শিল্পে শুল্ক অপরিবর্তিত রাখার সিদ্ধান্তকে স্বাগত জানান এবং এ জন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বৃহত্তর রংপুর বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাভলুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিড়ি শিল্প দেশের অন্যতম প্রাচীন শ্রমঘন শিল্প। স্বাধীনতার পর দীর্ঘ সময় এ শিল্পে কোনো শুল্ক ছিল না এবং এটি কুটির শিল্প হিসেবে পরিচিত ছিল। তিনি দাবি করেন, অতীতে বিভিন্ন সময়ে সরকার বিড়ি শিল্প ও শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নীতি সহায়তা দিয়েছে।
আমিন উদ্দিন বলেন, বর্তমানে দেশের তামাকজাত পণ্যের বাজারের বড় একটি অংশ বহুজাতিক কোম্পানির নিম্নস্তরের সিগারেটের দখলে রয়েছে। এসব কোম্পানির কার্যক্রমের কারণে দেশীয় বিড়ি শিল্প চাপে পড়ছে বলে তিনি দাবি করেন। শিল্পটির অস্তিত্ব রক্ষায় নিম্নস্তরের সিগারেট উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ ছাড়া বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। পাশাপাশি নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটে বিড়ির শুল্ক অপরিবর্তিত রাখার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যে কর ছাড়ের প্রস্তাব সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়ক হবে বলে তারা মনে করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি নাজিম উদ্দিন, লুৎফর রহমান ও আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর এবং সাংগঠনিক সম্পাদক শামীম ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতারা।
আরও পড়ুন:








