রাজবাড়ীতে ঝটিকা মিছিল করার অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ জন সক্রিয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুন ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের গোপিনাথাদিয়া এলাকায় রাজবাড়ী ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে প্রায় ৩০ থেকে ৩৫ জন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু এবং ইয়াসির আরাফাত রামিমসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. রাব্বানী (৪৬), মাইনউদ্দিন শেখ (৪২), নাসির উদ্দিন (৪২), রিয়াদ মন্ডল (২৬), আ. ছালাম মিলন (৫৭), জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ (৪২), নাহিদ মিয়া (২৪) এবং নাসির শেখ (৬৪)।
সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:




.jpg)



