শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

নেত্রকোণায় বজ্রপাতে কৃষক ও সিএনজি চালক নিহত

নেত্রকোণা প্রতিনিধি :

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ১৬:৩৩

শেয়ার

নেত্রকোণায় বজ্রপাতে কৃষক ও সিএনজি চালক নিহত
ছবি সংগৃহীত

নেত্রকোণার পৃথক দুটি এলাকায় বজ্রপাতে এক কৃষক ও এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার (১৪ জুন) সকালে বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নের সাপমারা গ্রামের কৃষক জামাল মুন্সি (৫৫) ঘটনাস্থলেই মারা যান। একই সময়ে কাইলাটী ইউনিয়নের কুতুবপুর গ্রামে বজ্রপাতে সবুজ মিয়া (৫৩) নামের এক সিএনজি চালকের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার জানান, এ ঘটনায় থানায় পৃথক ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, বজ্রপাতে নিহত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। তাৎক্ষণিক সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে দাফন-কাফনের জন্য ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় খোলা মাঠ ও উন্মুক্ত স্থানে অবস্থান না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।