রবিবার

১৪ জুন, ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় ইলেক্ট্রিক মিস্ত্রি নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ১৪:১৪

শেয়ার

মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় ইলেক্ট্রিক মিস্ত্রি নিহত
ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার সময় ট্রাক্টর থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ সাকিল (২২) নামে এক ইলেক্ট্রিক মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ জুন) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় আরশিনগর ফিউচার পার্কের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিল উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে।

জানা যায়, বারইয়ারহাট থেকে জোরারগঞ্জের একটি বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে ট্রাক্টরযোগে যাচ্ছিলেন সাকিল। পথে আরশিনগর ফিউচার পার্ক এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাক্টরের একটি চাকা খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে গেলে সাকিল ছিটকে মহাসড়কে পড়ে যান। এ সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন বলেন, দূর থেকে দেখি একটি ট্রাক্টর উল্টে মহাসড়কে পড়ে আছে। কাছে গিয়ে দেখি চালক ট্রাক্টর থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন। পরে জানতে পারি তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুজ্জামান ভুঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



banner close
banner close