খুলনা মহানগরীর দৌলতপুর থানার পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে রোববার ভোর সাড়ে পাঁচটায় ফজরের নামাজ চলাকালে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি ছুড়লে দুই মুসল্লি আহত হয়েছেন।
আহতরা হলেন মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং একই এলাকার বাসিন্দা আলম মন্ডল (৫৫)। লোকমান হাকিম উত্তর কাশিপুর এলাকার মৃত জব্বার শেখের ছেলে এবং আলম মন্ডল মৃত আব্দুল খালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নামাজ চলাকালে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী মসজিদে প্রবেশ করে মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তার পাশে থাকা মুসল্লি আলম মন্ডলও গুলিবিদ্ধ হন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সূত্র জানায়, গুলিতে লোকমান হাকিমের মাথায় গুরুতর আঘাত লাগে। প্রাথমিকভাবে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আলম মন্ডলের মাথা, গলার বাম পাশ ও ডান হাতের বাহুতে গুলি লাগে। তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। হামলার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে তিনি জানান।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলার পেছনের কারণ অনুসন্ধান ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন:








