রবিবার

১৪ জুন, ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ১০:৩৬

শেয়ার

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
ছবি সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক খোরশেদ আলমকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১৩ জুন ) রাতে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন।

ভুক্তভোগী শিশুর জবানবন্দি ও পরিবারের অভিযোগ অনুযায়ী, শিশুটির মা ও ভাই দীর্ঘদিন ধরে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের মেসে রান্নার কাজ করতেন। সেই সূত্রে শিশুটিরও তদন্ত কেন্দ্রে নিয়মিত যাতায়াত ছিল। অভিযোগে বলা হয়, দায়িত্ব গ্রহণের পর থেকে পুলিশ পরিদর্শক খোরশেদ আলম শিশুটিকে বিভিন্ন সময় বাসায় ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, ঘটনা গোপন রাখতে অভিযুক্ত কর্মকর্তা শিশুটিকে হুমকি দিতেন এবং বিভিন্ন সময় অর্থ দেওয়ার প্রলোভন দেখাতেন। পরিবারের নিরাপত্তার আশঙ্কায় দীর্ঘদিন বিষয়টি প্রকাশ করা হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর প্রতিবেশী হিমেল জানান, ঘটনাটি হাতিয়া ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্ত এবং দোষী প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পুলিশ প্রশাসন জানিয়েছে, ঘটনাটিকে সংবেদনশীল বিবেচনা করে প্রাথমিকভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close