শনিবার

১৩ জুন, ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

পটুয়াখালীতে টিউবওয়েল বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত, আহত চার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ২২:০৪

শেয়ার

পটুয়াখালীতে টিউবওয়েল বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত, আহত চার
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনা উপজেলায় টিউবওয়েল বসানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের চরঘুনী এলাকার শানু হাওলাদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিহতরা হলেন,উপজেলার আলীপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের মৃত রোছান আলীর ছেলে মো. বেল্লাল হোসেন (৪০) এবং একই ইউনিয়নের কলাতলা গ্রামের মৃত শাহজাহান হোসেনের জামাতা মো. ইউসুফ মিয়া (২৮)।

আহতরা হলেন,পূর্ব আলীপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. রাকিব হোসেন, খলিশাখালী গ্রামের রিপন মৃধার ছেলে মো. আব্দুর রহমান, এবং রণগোপালদী ইউনিয়নের পাতারচর গ্রামের মোস্তফা সরদারের দুই ছেলে মারুফ ও রনি সরদার।

স্থানীয় সূত্রে জানা যায়, শানু হাওলাদারের বাড়িতে গভীর নলকূপ (টিউবওয়েল) স্থাপনের কাজ চলছিল। কাজের একপর্যায়ে শ্রমিকরা লোহার পাইপ দাঁড় করানোর সময় পাইপটি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে বিকট শব্দের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয় শ্রমিকের মধ্যে চারজন ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই বেল্লাল হোসেন ও ইউসুফ মিয়ার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা আহত ও নিহতদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাবেয়া স্বর্ণা বেল্লাল ও ইউসুফকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত শ্রমিক আব্দুর রহমান জানান, আজ ছিল ওই বাড়িতে টিউবওয়েল বসানোর প্রথম দিনের কাজ। লোহার পাইপ স্থাপনের সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে এসে আমরা কয়েকজন ছিটকে পড়ি। এরপর কী হয়েছে জানি না। পরে হাসপাতালে জ্ঞান ফিরলে জানতে পারি বেল্লাল ভাই ও ইউসুফ মারা গেছেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



banner close
banner close