বুধবার

১৭ জুন, ২০২৬ ৩ আষাঢ়, ১৪৩৩

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ খামারি অপহরণের অভিযোগ

বিশেষ প্রতিনিধি,বগুড়া :

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ১২:৪৯

শেয়ার

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ খামারি অপহরণের অভিযোগ
ছবি সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চরে মহিষ চরানোর সময় চার খামারিকে অপহরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ জুন) গভীর রাতে উপজেলার বোহাইল চর এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন নাটোর জেলার লালপুর উপজেলার মহর কয়া গ্রামের ইউনুস আলী (৫৫) ও ফারুক মণ্ডল (৪০), বাদিকুল গ্রামের মাফের মণ্ডল (৪০) এবং মাসুদ মণ্ডল (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর থেকে আটজন ব্যক্তি শতাধিক মহিষ নিয়ে যমুনার বোহাইল চরে আসেন। মহিষ চরানোর সুবিধার্থে তারা চরে অস্থায়ী তাঁবু টানিয়ে অবস্থান করছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল নৌকাযোগে সেখানে এসে হামলা চালায়। এ সময় চারজনকে হাত-পা বেঁধে ফেলে রাখা হয় এবং অপর চারজনকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ নৌ থানা পুলিশ ও সারিয়াকান্দি থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করেন।

সিরাজগঞ্জ নৌ থানার ওসি রফিকুল ইসলাম জানান, অপহরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহরণের পেছনের কারণ এখনও স্পষ্ট নয়। অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।



banner close
banner close