শনিবার

১৩ জুন, ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ০৭:৫৬

শেয়ার

নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি
ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকার নদীপথে ১৫ জন মানুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। তাৎক্ষণিক বাধার মুখে বিএসএফের এই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (১২ জুন)। মধ্যরাতে রোকনপুর সীমান্তের শূন্য লাইনে এ ঘটনা ঘটে। পুশইনের শিকার হওয়া দলে দুজন পুরুষ, আটজন নারী এবং পাঁচজন শিশু ছিল।

১৬ বিজিবি ব্যাটালিয়ন জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০/এমপির কাছে ভারতের কোটালপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে নৌকাযোগে নদীপথে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে।

বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সেখানে অবস্থান নিয়ে বাধা দেয়। বিজিবির অনড় অবস্থানের কারণে অনুপ্রবেশের চেষ্টাকারীরা সীমান্তের শূন্য রেখায় ভারতের ভেতরেই দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়।

পরে বিজিবির কঠোর তৎপরতা ও জোরালো প্রতিবাদের মুখে রাত ২টা ৪০ মিনিটের দিকে বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে সীমান্ত-সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার বন্ধ করতে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এ ধরনের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর।

বর্তমানে সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও সার্বক্ষণিক টহল অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।



banner close
banner close