ভারতের আগ্রাসন, সীমান্তে পুশ-ইন, সীমান্ত হত্যা এবং বাংলাদেশের বিরুদ্ধে সকল ধরনের অন্যায়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমীর আবু জার গিফারী।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন, প্রতিবেশী দুটি রাষ্ট্রের মধ্যে যেকোনো সমস্যা হলে তা উভয় দেশের সরকারের আলোচনার মাধ্যমে ন্যায়সংগতভাবে সমাধান করা উচিত। প্রয়োজনে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক আইন অনুসরণ করে সমাধানের পথ খুঁজতে হবে। কিন্তু ভারত সরকার দীর্ঘদিন ধরে সীমান্তে পুশ-ইন, সীমান্ত হত্যা, মাদক ও অস্ত্র পাচারের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশের ১৮ কোটি জনগণকে সঙ্গে নিয়ে ভারত সরকারের আগ্রাসন ও সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেয়া হবে।
নুরুল ইসলাম বুলবুল আরও বলেন, সম্প্রতি শিবগঞ্জ উপজেলার মোহনবাগ এলাকায় নয়নী নামে এক গৃহপরিচারিকাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। এ ঘটনাকে ধামাচাপা দিতে একটি প্রভাবশালী মহল নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ রয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
আমচাষিদের স্বার্থের বিষয়ে তিনি বলেন, সকল সিন্ডিকেটের অবসান ঘটিয়ে ৪০ কেজিতে এক মণ নির্ধারণ সংক্রান্ত বিভাগীয় প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
শিবগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি বাবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমীর ও শিবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা মো. কেরামত আলী, জেলা এনসিপির সদস্য সচিব মো. নজরুল ইসলাম, জেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু মাসুদ মাস্টার এবং জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শিবগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
আরও পড়ুন:








