রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাইক্রোবাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আদভিক নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাইকারা মোড় এলাকার কলেজ মোড় ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি মাইক্রোবাস এবং রাজবাড়ী থেকে পাংশাগামী একটি ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে গেছে। তবে দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাস ও ইজিবাইক জব্দ করা হয়েছে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সৈয়দ আল মামুন বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:








