২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে বাস্তবতার তুলনায় অতিরিক্ত উচ্চাভিলাষী উল্লেখ করে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে রাজনৈতিক সংগঠন মঞ্চ ২৪। শুক্রবার (১২ জুন ) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, প্রায় আড়াই লাখ কোটি টাকার ঘাটতি নিয়ে উপস্থাপিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অযৌক্তিক ও অবাস্তব, যা বাস্তবায়ন করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
ফাহিম ফারুকী বলেন, রাজস্ব আদায়ে ঘাটতি দেখা দিলে সরকারকে আরও ঋণের ওপর নির্ভর করতে হবে, যা অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ তৈরি করবে এবং বেসরকারি বিনিয়োগকে নিরুৎসাহিত করে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমিয়ে দিতে পারে।
প্রত্যক্ষ ও পরোক্ষ কর বৃদ্ধির বিষয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতির চাপে ইতোমধ্যেই বিপর্যস্ত নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর জীবনযাত্রার ব্যয় এই বাজেটের ফলে আরও বৃদ্ধি পাবে।
কর্মসংস্থান প্রসঙ্গে মঞ্চ ২৪-এর আহ্বায়ক বলেন, লাখ লাখ শিক্ষিত বেকার তরুণের জন্য কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির কার্যকর উদ্যোগ প্রস্তাবিত বাজেটে প্রত্যাশিত মাত্রায় প্রতিফলিত হয়নি। তরুণ জনগোষ্ঠীকে উৎপাদনশীল শক্তিতে রূপান্তরের পরিবর্তে সরকার আবারও কর বৃদ্ধি ও ঋণনির্ভর অর্থনৈতিক ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়ছে বলেও তিনি মন্তব্য করেন।
প্রতিরক্ষা বরাদ্দের বিষয়ে ফাহিম ফারুকী বলেন, বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক বাস্তবতায় একটি শক্তিশালী ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি হলেও প্রস্তাবিত বাজেটে এই খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়নি। তিনি জাতীয় নিরাপত্তার স্বার্থে মোট বাজেটের কমপক্ষে ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে বরাদ্দ নির্ধারণের দাবি জানান।
সুশাসন প্রসঙ্গে তিনি বলেন, রাজস্ব ও উন্নয়ন ব্যয়ে অপচয় রোধ, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে বাজেটে আরও কার্যকর উদ্যোগ থাকা প্রয়োজন ছিল। কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান এবং তরুণ উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে বিশেষ প্রণোদনার অনুপস্থিতিও তিনি তুলে ধরেন।
প্রেস বিজ্ঞপ্তিতে মঞ্চ ২৪ উৎপাদনমুখী বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি দমন, ব্যয়সংকোচন, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, যুব উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি শক্তিশালী করার মাধ্যমে প্রস্তাবিত বাজেট পুনর্বিবেচনার আহ্বান জানায়।
আরও পড়ুন:








