শনিবার

১৩ জুন, ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩

খুলনা-বরিশালের ৫ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুন, ২০২৬ ১৮:৩৯

শেয়ার

খুলনা-বরিশালের ৫ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা
ছবি সংগৃহীত

মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধসহ তিন দফা দাবি পূরণ না হওয়ায় আগামী রবিবার (১৪ জুন) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলার বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। ধর্মঘট কার্যকর হলে বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশালে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাবে।

বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জানান, সরকারি নীতিমালার বাইরে অতিরিক্ত বিআরটিসি ও লিজকৃত বাস চলাচল, জেলা টার্মিনালে একক কাউন্টার নীতি না মানা এবং মহাসড়কে অবৈধ কাউন্টার না সরানো তাদের প্রধান অভিযোগ। পাশাপাশি আঞ্চলিক মহাসড়কে মাহিন্দ্র, নছিমন, করিমন ও অটোরিকশাসহ অবৈধ থ্রি-হুইলারের অবাধ চলাচল এবং দূরপাল্লার পরিবহনে মাঝপথে যাত্রী তোলা বন্ধের দাবিও জানিয়েছেন তারা।

শহীদুল ইসলাম আরও জানান, খুলনা ও বরিশাল বিভাগে সরকারিভাবে ১৮টি বিআরটিসি বাস চলাচলের অনুমোদন থাকলেও বাস্তবে তার বেশি বাস চলছে। ২০২৪ সাল থেকে সাতটি বাস মালিক সমিতি ও সাতটি শ্রমিক ইউনিয়নের সঙ্গে স্থানীয় প্রশাসনের একাধিক বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। ১১ জুনের মধ্যে সমস্যা সমাধানের প্রত্যাশা করা হলেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, তিন দফা দাবির বিষয়ে প্রশাসন অবগত রয়েছে এবং ইতিমধ্যে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ধর্মঘট এড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে এবং দ্রুত সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



banner close
banner close