রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জুলাই স্মৃতি জাদুঘর (সাবেক গণভবন) এলাকায় ছিনতাইকারীদের আটক করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের দুই সদস্য। তবে আহত হওয়ার পরও সাহসিকতার সঙ্গে দুই ছিনতাইকারীকে জাপটে ধরে গ্রেপ্তার করেছেন তারা। বৃহস্পতিবার (১১ জুন) রাতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) সামছুজ্জোহা সরকার (৩৪) ও কনস্টেবল হৃদয় বড়ুয়া (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনের সড়কে কয়েকজন ছিনতাইকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এ সময় অটোরিকশাচালকের চিৎকার শুনে ওই এলাকায় মোটরসাইকেলে টহলরত এসআই সামছুজ্জোহা ও কনস্টেবল হৃদয় ঘটনাস্থলে ছুটে যান এবং ছিনতাইকারীদের ধাওয়া করেন।
পুলিশ সদস্যদের দেখে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করার উদ্যোগ নেন দুই পুলিশ সদস্য। একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে এসআই সামছুজ্জোহা ও কনস্টেবল হৃদয় গুরুতর আহত হন। তবে রক্তাক্ত অবস্থাতেও তারা দুই ছিনতাইকারীকে ধরে ফেলেন।
পরে আহত দুই পুলিশ সদস্যকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার এসআই ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ছিনতাইকারীদের হামলায় আমাদের দুই সহকর্মী আহত হয়েছেন। তারা রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই ছিনতাইকারীর বিরুদ্ধে ছিনতাই ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন:








